সিঙ্গুরে টাটা ফেরানোর হুঙ্কার! প্রধানমন্ত্রীর সভার আগে সুকান্তর মাস্টারস্ট্রোক

আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে বুধবার সভাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের জন্য তৃণমূল সরকারকে দায়ী করে তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে টাটাদের পুনরায় ফিরিয়ে আনা হবে। মোদীকে ‘ক্ষণজন্মা’ পুরুষ আখ্যা দিয়ে সাধারণ মানুষকে এই সভায় যোগদানের আহ্বান জানান তিনি।
এদিন স্থানীয় গ্রামগুলিতে সভার আমন্ত্রণপত্র বিলি করেন সুকান্ত। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকের অধীনে শিল্প ও চাষ—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষকে কেবল ‘ভাতা’র ওপর নির্ভরশীল করে রাখা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুকান্তর এই সফর ও প্রতিশ্রুতিকে ‘মিথ্যা আশ্বাস’ বলে দাবি করেছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে সিঙ্গুরকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি।