মমতার বিরুদ্ধে এবার সরাসরি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, তবে কি বিপাকে মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে একটি মানহানির নোটিশ পাঠিয়েছিলেন শুভেন্দু। উক্ত নোটিশে বিতর্কিত মন্তব্যের স্বপক্ষে ৭২ ঘণ্টার মধ্যে প্রামাণ্য নথি দাবি করা হয়েছিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও নবান্ন থেকে কোনো সদুত্তর না আসায় এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে তিনি এখন আইনি পথেই এই লড়াই লড়বেন এবং খুব শীঘ্রই আদালতে মানহানির মামলা দায়ের করবেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন যে এবার আদালতের কাঠগড়াতেই সবকিছুর মীমাংসা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী শিবিরের এই হেভিওয়েট নেতা।