তদন্তকারীদের মহলে ব্যাপক তৎপরতা! শহরজুড়ে কেন্দ্রীয় বাহিনীর হানা কি সময়ের অপেক্ষা?

কলকাতায় শোরগোল ফেলে গত কয়েক দিনে প্রায় দু’শোর বেশি ইডি ও সিবিআই অফিসার শহরে এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকারি হস্টেল এবং বিভিন্ন হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আইপ্যাক-এর অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অফিসারদের এই আগমন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বড় কোনো অভিযানের আশঙ্কায় শাসক দলের অন্দরেও তৈরি হয়েছে গভীর উৎকণ্ঠা।
সূত্রের খবর, বেআইনি লেনদেন এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে বেশ কিছু আমলা ও প্রভাবশালী নেতা এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের আতসকাঁচের নিচে। বিশেষ করে কয়লা পাচার এবং আইপ্যাক মামলার সূত্রে নতুন করে ধরপাকড় বা জিজ্ঞাসাবাদের সম্ভাবনা জোরালো হচ্ছে। রাজনৈতিক বিরোধীদের একাংশের দাবি, এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি। এই সম্ভাব্য অভিযানের লক্ষ্য কারা এবং কবে নাগাদ এই অভিযান শুরু হবে, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।