নবান্ন অভিযানে ধাক্কা শুভেন্দুর, বিকল্প জায়গা খোঁজার নির্দেশ হাইকোর্টের

আইপ্যাক (I-PAC) কাণ্ডে ইডি-র তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়ার অভিযোগ তুলে নবান্ন চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। নবান্ন চত্বরে বিক্ষোভ প্রদর্শনের আবেদন খারিজ করে দিল আদালত।
বিচারপতি জানান, নবান্ন অত্যন্ত স্পর্শকাতর এলাকা হওয়ায় সেখানে বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয়। পরিবর্তে আদালত দুটি বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে:
- নবান্ন বাসস্ট্যান্ড
- মন্দিরতলা বাসস্ট্যান্ড
আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিজেপিকে এই দুটি জায়গার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। কোন স্থানে তারা কর্মসূচি পালন করতে চায়, তা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আদালতকে জানাতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিরাপত্তার খাতিরেই নবান্নের একদম সামনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আদালতের এই নির্দেশের পর বিজেপি এখন কোন পথ বেছে নেয়, সেটাই দেখার।