ইরাণের সঙ্গে ব্যবসায় ট্রাম্পের কোপ: ভারতের পণ্যে কি ৭৫% শুল্ক চাপছে?

ইরাণের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এই নির্দেশের ফলে ভারতের ওপর মার্কিন শুল্কের বোঝা বেড়ে ৭৫ শতাংশে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ভারত ও ইরাণের মধ্যে প্রায় ১.৬৮ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ভারতের চাবাহার বন্দর প্রকল্প এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংযোগকারী বাণিজ্যিক পথ সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন চাপ মেনে ইরাণের সাথে ব্যবসা কমালে কৌশলগতভাবে ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক বাণিজ্যে চীনের আধিপত্য বৃদ্ধির সুযোগ তৈরি হবে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষা ও বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।