গোবর ও গোমূত্র কিনতে কোটি টাকার খরচ, গবেষণার নামে পাহাড় প্রমাণ দুর্নীতির পর্দাফাঁস

পঞ্চগব্য বা গরুর পাঁচটি উপাদান দিয়ে ক্যান্সার নিরাময় সম্ভব কি না, তা নিয়ে গবেষণার নামে মধ্যপ্রদেশে বিশাল অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটির এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ৩.৫ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে এক দশক পেরিয়ে গেলেও কোনো বৈজ্ঞানিক সাফল্য মেলেনি। উল্টে তদন্তে দেখা গেছে, কেবল গোবর, গোমূত্র ও পাত্র কিনতেই খরচ দেখানো হয়েছে ১.৯২ কোটি টাকা, যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি। এছাড়া গবেষণার নামে গবেষকদের বারবার বিমান ভ্রমণ এবং গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণেই ব্যয় হয়েছে ১৫ লক্ষ টাকা।
জেলা প্রশাসনের তদন্ত রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গবেষণার প্রয়োজনে নামমাত্র মূল্যের টেবিল ও বৈদ্যুতিন সরঞ্জাম কেনায় ১৫ লক্ষ টাকার গরমিল পাওয়া গেছে। গবেষকরা কৃষকদের প্রশিক্ষণের দাবি করলেও তার কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি। কোটি কোটি টাকা খরচ করেও ক্যান্সারের চিকিৎসায় পঞ্চগব্যের কার্যকারিতা নিয়ে কোনো বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডার মেনে কাজ করার দাবি করলেও, গবেষণার আড়ালে এই বিপুল অর্থ অপচয় নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক ও শোরগোল শুরু হয়েছে।