শাকসগাম উপত্যকা নিয়ে ভারত-চিন সংঘাত চরমে? সেনাপ্রধানের মন্তব্যে ফুঁসছে বেইজিং!

শাকসগাম উপত্যকা নিয়ে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল চিন। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস ভারতের এই অবস্থানকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেছে। বেইজিংয়ের মতে, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করার সময়ে ভারতের এমন অবস্থান দুই দেশের পারস্পরিক আস্থায় ফাটল ধরাতে পারে। যদিও সেনাপ্রধান স্পষ্ট করেছেন, পাকিস্তান ও চিনের ১৯৬৩ সালের সীমান্ত চুক্তিকে ভারত কোনোভাবেই স্বীকৃতি দেয় না।
নয়াদিল্লি বরাবরই অভিযোগ করে আসছে যে, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অবৈধ অধিকৃত ভূখণ্ডের ওপর দিয়ে তৈরি হয়েছে। অন্যদিকে, চিন এই অঞ্চলকে নিজেদের দাবি করে পরিকাঠামো উন্নয়নের অধিকার বজায় রাখার পক্ষে সওয়াল করেছে। সীমান্তে শান্তি বজায় রাখার আলোচনা চললেও শাকসগাম ইস্যুতে দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্নায়ুযুদ্ধ বর্তমানে নতুন মাত্রা পেয়েছে।