স্ত্রীকে শুনানির নোটিস ধরালেন স্বামী! ভোটার তালিকায় গোলমালে বিড়ম্বনায় বিএলও দম্পতি

কাটোয়ার কেতুগ্রাম ২ ব্লকের বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন। পেশায় শিক্ষক ওই বিএলও ভোটার তালিকায় তথ্যের অসংগতির কারণে নিজের স্ত্রী অনিন্দিতাদেবীকেই শুনানির নোটিস ধরাতে বাধ্য হয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনিন্দিতাদেবীর সঙ্গে তাঁর বাবার বয়সের ব্যবধানে অসামঞ্জস্য রয়েছে। এই ঘটনার জেরে খোদ বিএলও স্বামীর ওপর চটেছেন স্ত্রী। এমনকি গোলমালের জেরে দেবশঙ্করবাবুকেও শুনানিতে হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে।
বুধবার কেতুগ্রাম ২ বিডিও অফিসে সস্ত্রীক হাজিরা দেন ওই বিএলও। অনিন্দিতাদেবীর দাবি, তাঁর ও তাঁর বাবার বয়সের ব্যবধান ৩০ বছর হলেও রেকর্ডে তা ভুলভাবে ৫০ বছর দেখানো হয়েছে। দম্পতির অভিযোগ, ১৬৫ নম্বর বুথের বহু ভোটারের ক্ষেত্রেই এমন গণহারে ত্রুটি দেখা যাচ্ছে। অযথা এই হয়রানির কারণে সাধারণ মানুষের পাশাপাশি খোদ বিএলও পরিবারকেও প্রশাসনিক জটিলতা ও পারিবারিক অসন্তোষের মুখে পড়তে হয়েছে।