রাজ্যে কি ফিরছে ২১ বছর আগের সেই আতঙ্ক? দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক

রাজ্যে নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাতের দুই নার্স এই মারণ ভাইরাসে আক্রান্ত সন্দেহে বর্তমানে ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২০০৫ সালে শিলিগুড়িতে এই ভাইরাসের সংক্রমণে ৪৯ জনের মৃত্যু হয়েছিল, যা সে সময় ‘শিলিগুড়ি জ্বর’ নামে পরিচিতি পায়। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ নজরদারি বাড়ালেও সাধারণ মানুষকে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সুপার সঞ্জয় মল্লিক।
বিশেষজ্ঞদের মতে, মূলত বাদুড় থেকে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুহার প্রায় ৫০-৬০ শতাংশ। সাধারণ জ্বরের উপসর্গ দিয়ে শুরু হলেও দ্রুত শ্বাসকষ্ট ও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। নিপা একটি ‘জুনটিক ভাইরাস’ যা আক্রান্তের ব্যবহৃত সামগ্রী থেকেও ছড়াতে সক্ষম। দ্রুত রোগ শনাক্তকরণ ও রোগীকে আলাদা রাখার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য কর্তারা। উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষার সুব্যবস্থা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানানো হয়েছে, তবে সাধারণ স্তরের ল্যাবরেটরিতে এই পরীক্ষা করা সম্ভব নয়।