শিলিগুড়িতে মমতার মাস্টারস্ট্রোক: শুক্রবারই হচ্ছে মহাকাল মন্দিরের শিলান্যাস
January 15, 20269:12 am

দুই দিনের উত্তরবঙ্গ সফরে শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য ও পর্যটনকে চাঙ্গা করতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে এলাকায় সাজসাজ রব শুরু হয়েছে। নবান্ন জানিয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
মাটিগাড়ার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন। সেখানে পরদিন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই সফরকে ঘিরে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।