লাদাখ ছাপিয়ে সংঘাতের নয়া কেন্দ্র শাক্সগাম, ভারতকে পালটা হুঁশিয়ারি চিনের

শাক্সগাম উপত্যকায় চিনা তৎপরতা নিয়ে ভারত সুর চড়াতেই শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। সম্প্রতি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানান, পাকিস্তান ও চিনের মধ্যবর্তী অবৈধ শাক্সগাম চুক্তিকে দিল্লি কখনওই স্বীকৃতি দেয়নি। ভারতের এই অবস্থানের পালটা দিয়ে চিনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ দাবি করেছে, ভারত এই ইস্যু নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের মতে, দিল্লির এমন মন্তব্য দুই দেশের সীমান্ত পরিস্থিতির স্থিতাবস্থা নষ্ট করতে পারে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে পাকিস্তান অবৈধভাবে শাক্সগাম উপত্যকার ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা চিনকে হস্তান্তর করেছিল। বর্তমানে সেই বিতর্কিত অঞ্চলে বেজিং ৭৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, এই ভূখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। হিমালয়ের এই তুষারাবৃত অঞ্চলকে কেন্দ্র করেই এখন ভারত-চিন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে।