মদ্যপ বাবার অশান্তিতে ছেলের চরম সিদ্ধান্ত, শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবাও

মদ্যপ বাবার অশান্তিতে ছেলের চরম সিদ্ধান্ত, শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবাও

আলিপুরদুয়ার: পারিবারিক অশান্তির জেরে ঘটে গেল এক মর্মান্তিক জোড়া আত্মহত্যার ঘটনা। মদ্যপ বাবার গালিগালাজ সহ্য করতে না পেরে ছেলে গলায় ফাঁস দিলেন, আর সেই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে নিজেকে শেষ করে দিলেন বাবাও। আলিপুরদুয়ারের শামুকতলা থানার খড়িয়াপাড়ায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন ৬০ বছর বয়সী এতোয়া খড়িয়া এবং তাঁর ২৬ বছরের ছেলে গঙ্গা খড়িয়া। পেশায় দুজনেই দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এতোয়া প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করতেন। মঙ্গলবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। গঙ্গা তাঁর বাবাকে বহুবার শোধরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে গঙ্গা বাড়ি থেকে দড়ি নিয়ে বেরিয়ে যান এবং পাশের একটি গাছে গলায় ফাঁস দেন।

প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে এতোয়াকে খবর দেন। ছেলের ঝুলন্ত দেহ দেখে ভেঙে পড়েন তিনি। যখন সবাই গঙ্গার দেহ উদ্ধার নিয়ে ব্যস্ত ছিল, সেই সুযোগে বাড়ি ফিরে বারান্দায় গলায় ফাঁস দেন এতোয়াও। পুলিশ গঙ্গার দেহ উদ্ধার করতে এসে দেখতে পায় বাড়ির বারান্দায় ঝুলছেন বাবা।

এতোয়ার স্ত্রী পরী খড়িয়া জানান, অভাবের সংসারে অশান্তি নিত্যদিনের সঙ্গী ছিল। গঙ্গা তাঁর বাবাকে ভয় দেখাতে প্রায়ই দড়ি নিয়ে ঘুরতেন, কিন্তু তিনি যে সত্যিই এমনটা করবেন তা কেউ ভাবেনি। শামুকতলা থানার পুলিশ জোড়া অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *