রক্তক্ষয়ী লড়াইতে প্রিয়াঙ্কা! কবে এবং কোথায় আসছে ‘দ্য ব্লাফ’?

বলিউড ছাড়িয়ে হলিউডে দাপিয়ে বেড়ানো প্রিয়াঙ্কা চোপড়া এবার ফিরছেন এক বিধ্বংসী লুকে। তাঁর আসন্ন আমেরিকান ছবি ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার মুক্তি পেতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। এই ছবিতে প্রিয়াঙ্কাকে একজন দুর্ধর্ষ জলদস্যুর চরিত্রে দেখা যাবে, যিনি নিজের অধিকার রক্ষায় শত্রুদের বিরুদ্ধে মরণপণ লড়াই করবেন। ট্রেলারে অভিনেত্রীর তলোয়ার ও বন্দুক হাতে অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি করেছে।
সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন। কার্ল আরবান ও ইসমাইল ক্রুজ অভিনীত এই বহুপ্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবিটি আগামী ২৫ ফেব্রুয়ারি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে চলেছে। ধুলো আর রক্তে মাখা এক রোমাঞ্চকর যুদ্ধের গল্প নিয়ে প্রিয়াঙ্কার এই নতুন অবতার দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্তরা।