ভোটার তালিকায় কারচুপি! যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অখিলেশ

ভোটার তালিকায় কারচুপি! যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরাসরি বিজেপিকে নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, রাজ্যের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়াকে হাতিয়ার করছে গেরুয়া শিবির। লখনউয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সপা সুপ্রিমো অভিযোগ করেন, যোগী সরকার পরিকল্পিতভাবে তালিকায় ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্ত করছে।

পরিসংখ্যান তুলে ধরে অখিলেশ এক চাঞ্চল্যকর বৈষম্যের কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৫৬ লক্ষ। অথচ রাজ্য নির্বাচন কমিশনের গ্রামীণ তালিকার হিসেব ধরলে তা দাঁড়াচ্ছে ১২ কোটি ৬৯ লক্ষ। শহরাঞ্চলের ভোটার যুক্ত করলে এই সংখ্যা ১৭ কোটি ছাড়িয়ে যাচ্ছে। অখিলেশের প্রশ্ন, “এই বিপুল সংখ্যক অতিরিক্ত ভোটার কোথা থেকে এল?”

এই পরিস্থিতি মোকাবিলায় বুথ লেভেল এজেন্টদের (BLA) কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোনো এলাকায় ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই কর্মীদের কাছে এফআইআর-এর নির্দিষ্ট ফরম্যাট পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *