শীর্ষ আদালতে আজ অগ্নিপরীক্ষা: আইপ্যাক ইস্যুতে কী রায় দেবেন সুপ্রিম কোর্ট?

কলকাতায় আইপ্যাক অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে দায়ের করা মামলার শুনানি আজ দেশের শীর্ষ আদালতে। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুর ডিভিশন বেঞ্চে বেলা সাড়ে এগারোটায় এই বহুল চর্চিত মামলার শুনানি শুরু হওয়ার কথা। বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে এই বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না। ফলে আজ দিল্লির রায়ের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্ত চলাকালীন আইপ্যাক অফিস থেকে পুলিশের উপস্থিতিতেই গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে এবং তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। যদিও ইডির আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, কোনও নথি এখনও বাজেয়াপ্ত করা হয়নি। ক্যাভিয়েট দাখিল ও আইনি জটিলতার আবহে আইপ্যাক মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। রাজনৈতিক মহলের নজর এখন সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ শুনানির ওপর।