২৩ জানুয়ারি JEE মেইনস: সংঘাতে রাজ্য

কলকাতা: আগামী ২৩ জানুয়ারি দেশজুড়ে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ‘জেইই মেইনস’ (JEE Mains)-এর দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আর এই দিনটি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ, আগামী বছর ২৩ জানুয়ারি একই দিনে পড়েছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো। এই বিশেষ দিনে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এনটিএ-কে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, বাংলায় এই দিনটি অত্যন্ত আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। একদিকে নেতাজির জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান থাকে, অন্যদিকে সরস্বতী পুজোর কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকে। এই পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র খোলা রাখা বা পরীক্ষার্থীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে নবান্ন। পরীক্ষার্থীদের স্বার্থ এবং উৎসবের গুরুত্ব বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে।