মাঘের শুরুতেই শীতের বিদায় ঘণ্টা, আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস

মকর সংক্রান্তির রেশ কাটতেই বঙ্গে আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মাঘের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও চলতি সপ্তাহান্ত থেকেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে শুরু করবে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত জাঁকিয়ে শীতের স্পেল থাকলেও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলা থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলোতে কনকনে ঠান্ডার দাপট অব্যাহত থাকলেও আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কমে আসায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে শীতের কামড় বেশি অনুভূত হবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রিতে নামলেও রবিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির শেষ পর্যন্ত ভোরে ও রাতে শীত অনুভূত হলেও বেলা বাড়লে কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *