বন্দে ভারত স্লিপারে এবার পোষ্যদের সফর, সঙ্গী হবে আপনার প্রিয় ‘পেট’

বড়দিনের ছুটি হোক বা গরমের ছুটি, সপরিবারে ঘুরতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বাড়ির অবলা পোষ্যটি। প্রিয় কুকুর বা বিড়ালটিকে ক্রেশে রেখে যেতে মন চায় না, আবার ট্রেনে করে নিয়ে যাওয়ার ঝক্কিও অনেক। পোষ্য-মালিকদের এই দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এবার থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আপনার পোষ্যের জন্য থাকছে বিশেষ ‘পেট বক্স’-এর সুবিধা।
এতদিন দূরপাল্লার ট্রেনে পোষ্যদের মূলত ব্রেক ভ্যানে রাখা হতো, যেখানে মালিকের নজরদারি করার সুযোগ ছিল না বললেই চলে। কিন্তু বন্দে ভারত স্লিপারে ড্রাইভিং ট্রেলার কোচ বা ডিটিসি-তে লোকো পাইলটের কেবিনের ঠিক পেছনেই তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক পেট বক্স। এই কক্ষগুলি এমনভাবে তৈরি যেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে, যাতে প্রাণীটি কোনোভাবেই আতঙ্কিত না হয়।
সফরের আগে মানতে হবে যে নিয়মগুলি:
আপনার পোষ্যকে সঙ্গে নিতে চাইলে ট্রেনের পার্সেল অফিস থেকে আলাদা বুকিং করতে হবে। এছাড়াও কিছু জরুরি পদক্ষেপ হলো:
- ফিটনেস সার্টিফিকেট: যাত্রার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে নিবন্ধিত পশুচিকিৎসকের কাছ থেকে ফিটনেস এবং টিকাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
- বুকিং পদ্ধতি: ট্রেন ছাড়ার অন্তত ৩ ঘণ্টা আগে স্টেশনের লাগেজ অফিসে টিকিট, পরিচয়পত্র ও চিকিৎসকের শংসাপত্র জমা দিয়ে নির্দিষ্ট চার্জ মেটাতে হবে।
- নিরাপত্তা: কুকুর হলে অবশ্যই গলায় শিকল এবং মুখে ‘মাজল’ বা মুখবন্ধ ব্যবহার করতে হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাকালীন পোষ্যদের দেখভালের দায়িত্ব থাকবে ট্রেন ম্যানেজারের ওপর। তবে খাবারের ব্যবস্থা মালিককেই করতে হবে। যদিও মালিক সারা রাত পোষ্যের পাশে থাকতে পারবেন না, কিন্তু মাঝেমধ্যে গিয়ে সে কেমন আছে তা দেখে আসার অনুমতি মিলবে। রেলের এই উদ্যোগের ফলে এখন থেকে পোষ্যকে বাড়িতে একলা ফেলে রাখার অপরাধবোধ ছাড়াই নিশ্চিন্তে দূরে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।