মমতার ম্যাজিকে কাটল মহমেডানের ঘোর সংকট: আইএসএল-এর আগে বড় চমক!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দূর হলো মহমেডান স্পোর্টিং ক্লাবের স্পনসর জটিলতা। আসন্ন আইএসএল-এ অংশগ্রহণ নিশ্চিত করতে ইনভেস্টর সংকটে পড়েছিলেন ক্লাব কর্তারা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার একটি সংস্থা ইনভেস্টর হতে রাজি হওয়ায় এখন আর কোনো বাধা নেই। এই খবর নিশ্চিত হওয়ার পর ফুটবল ফেডারেশনকেও বিষয়টি জানিয়ে দিয়েছে সাদা-কালো শিবির। ২৫ জানুয়ারির মধ্যে নতুন ইনভেস্টরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে।
ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি এই সহায়তার জন্য মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তবে বাজেট সীমিত হওয়ায় এবারের মরশুমে কোনো বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামবে মহমেডান। দেশীয় ও স্থানীয় প্রতিভাদের ওপর ভরসা করে দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ হিসেবে থাকছেন মেহরাজউদ্দিন ওয়াডু। এছাড়া চোটের আশঙ্কায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুয়েল আহমেদকে সন্তোষ ট্রফির জন্য ছাড়তে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। শীঘ্রই শুরু হবে পুরোদমে অনুশীলন।