তামিমকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ: নাজমুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিসিবি-র

প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে সম্বোধন এবং ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক নাজমুল হোসেনের ওপর বেজায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের বক্তব্যকে অযৌক্তিক ও আক্রমণাত্মক আখ্যা দিয়ে বোর্ড স্পষ্ট জানিয়েছে, এটি তার ব্যক্তিগত অভিমত এবং এর দায়ভার বিসিবি নেবে না। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ও মূল্যবোধ পরিপন্থী এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিসিবি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো ক্রিকেটারের প্রতি অশ্রদ্ধাজনক মন্তব্য বা জনমনে বিভ্রান্তি ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড সাফ জানিয়েছে, ক্রিকেটারদের মর্যাদা রক্ষায় তারা আপসহীন। উল্লেখ্য, সম্প্রতি তামিমের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভারতীয় এজেন্ট’ বলে বিদ্রূপ করেছিলেন নাজমুল, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।