মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, অস্ত্র ও জাল নোট-সহ পাকড়াও তিন দুষ্কৃতী
January 15, 20263:21 pm

মুর্শিদাবাদে অস্ত্র পাচার রুখতে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। বুধবার বিকেলে বহরমপুরের সুভাষনগর এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত কওসর আলি, রফিকুল মণ্ডল ও সাকিরুল শেখের কাছ থেকে দুটি পিস্তল, ৩০০ রাউন্ড কার্তুজ এবং ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে আনা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে রফিকুলের বিরুদ্ধে আগেও অস্ত্র পাচারের মামলা রয়েছে। এই চক্রটি ডোমকল-সহ বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে। এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।