এসআইআর-আতঙ্কে বৃদ্ধার মৃত্যু! স্মৃতিফলক বসিয়ে বিজেপিকে তোপ শোভনদেবের

উত্তর ২৪ পরগনার খড়দহে এসআইআর-শুনানির নোটিস পেয়ে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা অলকা বিশ্বাসের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। পরিবারের দাবি, নোটিস পাওয়ার আতঙ্কে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ৭৫ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু হয়। বুধবার মৃতার বাড়ির সামনে তাঁর নামে একটি স্মৃতিফলক উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে অলকা দেবীর নামের আগে ‘এসআইআর আতঙ্কে মৃতা’ কথাটি লেখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, অপ্রাসঙ্গিক নোটিস পাঠিয়ে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যদিও তৃণমূলের এই পদক্ষেপকে ‘মৃতদেহ নিয়ে রাজনীতি’ বলে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই শাসকদল এই ধরনের কাজ করছে। এই ঘটনায় বর্তমানে খড়দহের বিলকান্দা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।