ব্যাঙ্ক জালিয়াতিতে তোলপাড় কলকাতা: ৫ জায়গায় সিবিআইয়ের হানা, আলিপুরে রহস্যময় ব্যবসায়ীর ফ্ল্যাট ঘিরে চাঞ্চল্য!

ইডির পর এবার শহরে বড়সড় অভিযানে নামল সিবিআই। বুধবার সকাল থেকে ব্যাঙ্ক জালিয়াতি ও কয়েক কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় কলকাতার পাঁচটি এলাকায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আলিপুরের বিলাসবহুল আবাসন ‘গণেশ কোর্ট’-এ এক ব্যবসায়ীর ফ্ল্যাট ঘিরে ফেলেছেন আধাসেনা জওয়ানরা। মূলত ২০১৬ সালে ইন্ডিয়ান ব্যাঙ্কের রাঁচি শাখা থেকে জাল নথির মাধ্যমে প্রায় ৫৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এই সাড়াশি অভিযান চালানো হচ্ছে।
তদন্তকারী সূত্রে খবর, রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কো ম্পা নির দুই ডিরেক্টরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির মামলা রুজু হয়েছে। ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে রাঁচি সিবিআইয়ের বিশেষ শাখা এই তদন্ত চালাচ্ছে। দীর্ঘদিনের পুরনো এই জালিয়াতি মামলার শিকড় খুঁজতে কলকাতার বিভিন্ন ঠিকানা থেকে গুরুত্বপূর্ণ নথি ও লেনদেনের তথ্য উদ্ধার করাই এখন গোয়েন্দাদের মূল লক্ষ্য। শহরে কেন্দ্রীয় সংস্থার এই ধারাবাহিক তৎপরতায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।