রাজ্যে নিপা আতঙ্ক: আক্রান্তের সংস্পর্শে ৮২ জন, দিল্লি থেকে আসছে বিশেষজ্ঞ দল!

পশ্চিমবঙ্গে থাবা বসিয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। বারাসাতের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্স আক্রান্ত হওয়ার পর হু হু করে বাড়ছে সংস্পর্শে আসা ব্যক্তিদের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ৪৮ থাকলেও বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে কয়েকজনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের মতে, এই তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম’। এদিকে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজ্য সরকার একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক তরজা চললেও স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ নজরদারি চালাচ্ছে। যেকোনো প্রয়োজনে ৯৮৭৪৭০৮৮৫৮ বা ০৩৩-২৩৩৩০১৮০ নম্বরে যোগাযোগ করা যাবে।