শুভেন্দুর গড়ে অভিষেকের মাস্টারস্ট্রোক! নন্দীগ্রামে আজ থেকে শুরু বিশাল ‘সেবাশ্রয়’

ডায়মন্ড হারবারের সাফল্যের পর এবার নন্দীগ্রামে হাইভোল্টেজ ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামের দুটি ব্লকে মডেল ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচিতে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। গোটা জানুয়ারি মাস জুড়ে চলা এই শিবিরে প্রায় ৫০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে কলকাতা থেকে প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নন্দীগ্রামে পৌঁছেছেন। সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্লকে ব্লকে বিশেষ বাসের ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব। বিরোধী দলনেতার খাসতালুকে অভিষেকের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।