২৪ ঘণ্টায় ইরানে মার্কিন হামলার আশঙ্কা! মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামা

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়ছে। কাতারের আল উদেইদ ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক কেন্দ্র থেকে নিজেদের সেনা ও কর্মী সরাতে শুরু করেছে আমেরিকা ও ব্রিটেন। ইউরোপীয় কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আমেরিকা হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এদিকে, অভ্যন্তরীণ বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ ইরান। সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ২ হাজার ৫৭ ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের দাবি, বিদেশি শক্তির মদতেই এই অশান্তি ছড়ানো হয়েছে। বর্তমানে দেশটির সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও, সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছে বিশ্ববাসী। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।