বিডিও অফিসে তাণ্ডব, রক্তাক্ত আইসি: উত্তর দিনাজপুরে ভোটার তালিকা সংশোধন ঘিরে রণক্ষেত্র!

মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বৃহস্পতিবার সকালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে চাকুলিয়া বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভকারীদের ইটের আঘাতে চাকুলিয়া থানার আইসি গুরুতর জখম হয়েছেন। উত্তেজিত জনতা দপ্তরের কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২০ লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট করেছে।
এই নজিরবিহীন হামলার ঘটনায় ইসলামপুর পুলিশ জেলাজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানি চলাকালীন প্রায় ৩০০ জনের একটি দল জোরপূর্বক দপ্তরে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনার গুরুত্ব বুঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলাশাসকদের কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে। বিডিও-র লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।