নিপা ভাইরাসের থাবায় ২ নার্স কোমায়, সীমান্ত লাগোয়া বিয়েবাড়িই কি কাল হলো?

নিপা সংক্রমণের উৎস হিসেবে নদীয়ার সীমান্ত লাগোয়া ঘুগরাগাছি গ্রামের এক বিয়েবাড়িকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, আক্রান্ত নার্স ডিসেম্বরের মাঝামাঝি ওই গ্রামে গিয়েছিলেন। বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় খেজুরের রস ও গুড়ের মাধ্যমে বাদুড় থেকে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকি থাকে। ওই সফর থেকেই আক্রান্তের শরীরে ভাইরাসের প্রাথমিক প্রবেশ ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে দুই নার্সই ভেন্টিলেশনে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কের গুরুতর ক্ষতির পাশাপাশি তাঁদের ‘গ্লাসগো কোমা স্কেল স্কোর’ ৫-এর নিচে নেমে গেছে। এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসা ৮২ জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় নমুনা পরীক্ষার জন্য বিশেষ ভ্রাম্যমাণ ল্যাবরেটরি বাস পাঠিয়েছে আইসিএমআর।