ফারাক্কার পর এবার চাকুলিয়া: বিডিও অফিসে দাউদাউ আগুন, রণক্ষেত্র উত্তর দিনাজপুর!

মুর্শিদাবাদের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভোটার তালিকা সংশোধনের শুনানিকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিডিও অফিসে চড়াও হয়ে একদল বিক্ষোভকারী ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর পুলিশ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য সড়ক অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
নির্বাচন কমিশন এই নজিরবিহীন ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। জেলা নির্বাচনী আধিকারিককে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সাফ জানিয়েছে, কোনো অবস্থাতেই শুনানি কেন্দ্র স্থানান্তর করা হবে না এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।