সুস্থ শিশু ফিরল লাশ হয়ে! কল্যাণী এইমসে চরম উত্তেজনা ও বিক্ষোভ

কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৬ মাসের এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা ঋদ্মিতা মুখার্জিকে মঙ্গলবার সামান্য ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে শিশুটির মৃত্যুর খবর দিলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, বুধবারও শিশুটি সুস্থ ছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকদের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই প্রাণ হারিয়েছে তাদের সন্তান।
অভিযোগ উঠেছে, মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং স্থানীয়দের বিক্ষোভে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে উঠলে গয়েশপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। চিকিৎসায় গাফিলতির এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এইমস চত্বরে।