এসআইআর আতঙ্কে প্রাণ গেল শিক্ষকসহ দুইজনের: উত্তাল যাদবপুর ও সামশেরগঞ্জ!

যাদবপুরের মুকুন্দপুরে স্কুল শিক্ষক ও বিএলও অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রচণ্ড চাপ ও স্থানীয় হয়রানির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতর থেকেই তার দেহ উদ্ধার হয়। খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও এসআইআর আতঙ্কে পুটু শেখ নামে এক বৃদ্ধের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, শুনানির নোটিসে নামের ভুল ও প্রশাসনিক জটিলতা নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন ওই বৃদ্ধ। একই দিনে রাজ্যের দুই প্রান্তে নথিপত্র সংশোধনের চাপ ও আতঙ্ক কেড়ে নিল দুটি তাজা প্রাণ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখছে।