মালিকের অনুমতি ছাড়াই মোদির সভা? সিঙ্গুরে তুলকালাম কাণ্ড!

সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সভার আয়োজন ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, জমির মালিকদের ন্যূনতম সম্মতি না নিয়েই সভার প্রস্তুতি চালাচ্ছে বিজেপি। গোপালনগর মৌজার একাধিক কৃষক ইতিমধ্যেই বিডিও ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মন্ত্রীর দাবি, আইনি নিয়ম লঙ্ঘন করে কৃষকদের ব্যক্তিগত জমিতে জোরপূর্বক এই রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
অন্যদিকে, বিজেপি নেতা সঞ্জয় পান্ডে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, গেরুয়া শিবির নিয়মের বাইরে কিছু করছে না। তবে কৃষকদের নাম সংবলিত অভিযোগপত্র প্রকাশ্যে আসায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রধানমন্ত্রীর সভার আগে জমি বিতর্ককে কেন্দ্র করে সিঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ সরগরম হয়ে উঠেছে।