হাইকোর্টে অশান্তির ছক তৃণমূলের? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে বিস্ফোরক দাবি ইডি-র

কলকাতা হাইকোর্টে আই-প্যাক (I-PAC) মামলার শুনানিতে তৃণমূলের লিগ্যাল সেলের বিরুদ্ধে পরিকল্পিত হট্টগোলের অভিযোগ তুলল ইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডি দাবি করেছে, গত ৯ জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ‘লিগ্যাল মাইন্ডস’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। ওই চ্যাটে আইনজীবীদের নির্দিষ্ট এজলাসে জড়ো হওয়া এবং ইডি অভিযানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সেদিন আইনজীবীদের ধাক্কাধাক্কি ও চিৎকারের জেরে ক্ষুব্ধ বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং শুনানি মুলতুবি হয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ওপর স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য সরকারের হস্তক্ষেপের এই অভিযোগ অত্যন্ত গুরুতর। আইনের শাসন বজায় রাখতে পুরো বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালত জানিয়েছে।