রঞ্জিত মল্লিকের ড্রয়িংরুমে অভিষেক, উন্নয়নের পাঁচালি হাতে নিয়ে স্মৃতিচারণায় সাংসদ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বিশেষ সফরে তিনি অভিনেতার হাতে রাজ্য সরকারের গত ১৫ বছরের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তুলে দেন। প্রবীণ অভিনেতাকে যথাযথ সংবর্ধনা জানানোর পাশাপাশি তার সাংস্কৃতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
স্মৃতিচারণা করতে গিয়ে অভিষেক জানান যে, তার জীবনে দেখা প্রথম চলচ্চিত্র রঞ্জিত মল্লিক অভিনীত ‘গুরুদক্ষিণা’। সাক্ষাতের পর তিনি অভিযোগ করেন যে, প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। কেন্দ্রের আর্থিক অসহযোগিতা এবং সৎ-মা সুলভ আচরণ সত্ত্বেও তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথীর মতো জনহিতকর প্রকল্পগুলো নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে বলে তিনি জোরালো দাবি জানান।