বসিরহাটে ২ হাজার ভোটারকে তলব! প্রতিবাদে উত্তাল রাস্তা, দাহ করা হলো প্রধানমন্ত্রীর কুশপুতুল
January 16, 20268:00 am

বসিরহাটের মাটিয়া থানার কোড়াপাড়ায় এসআইআর (SIR) শুনানির প্রতিবাদে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ৪ হাজার ভোটারের মধ্যে প্রায় ২ হাজার জনকে শুনানিতে ডাকার ঘটনায় ক্ষুব্ধ কয়েকশো গ্রামবাসী টাকি রোড অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে এবং বিক্ষোভ দেখিয়ে তারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই গণ-তলব উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক। পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে হাড়োয়া-বসিরহাট রাস্তা দীর্ঘক্ষণ আটকে রাখেন। এই ঘটনার প্রতিবাদস্বরূপ রাস্তার ওপরেই নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এই নজিরবিহীন বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।