কলকাতা বিশ্ববিদ্যালয়ে PhD নিয়মে বড় বদল, বন্ধ হচ্ছে প্রবেশিকা, সুযোগ পাবেন কারা?

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি (PhD) করার নিয়মে আমূল পরিবর্তন আসতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ‘রেট’ (RET) কার্যত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে শুধুমাত্র নেট (NET), সেট (SET) অথবা গেট (GATE) উত্তীর্ণ প্রার্থীরাই গবেষণার সুযোগ পাবেন। ইউজিসি-র নির্দেশিকা মেনেই লেকচারশিপ বা ফেলোশিপ থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এর আগে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিভাগে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ থাকলেও, এখন থেকে সর্বভারতীয় বা রাজ্যস্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক। এই পরিবর্তনের ফলে পিএইচডি স্তরে মেধার গুণমান আরও বাড়বে বলে মনে করছে শিক্ষা মহল। নতুন নিয়ম কার্যকর হলে ইন্টারভিউ প্রক্রিয়ায় কেবল যোগ্যতাসম্পন্নরাই অংশগ্রহণ করতে পারবেন।