বিহারের থানায় অকথ্য নির্যাতন, চুরির স্বীকারোক্তি আদায়ে যুবকের যৌনাঙ্গে ঢালা হলো পেট্রল
January 16, 20269:04 am

বিহারের সমস্তিপুরে পুলিশি বর্বরতার এক শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি সোনার দোকানে চুরির অভিযোগে আটক যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ অফিসারদের বিরুদ্ধে। চার দিন হেফাজতে রেখেও কোনো প্রমাণ না পেয়ে শেষমেশ তাঁকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নির্যাতিত যুবকের পরিবারের দাবি, চুরির দায় স্বীকার করতে চাপ দেওয়ার পাশাপাশি মুক্তির বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিল পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। কর্তব্যে গাফিলতি ও অমানবিক আচরণের দায়ে থানার ইনচার্জসহ তিন পুলিশ অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।