মৃত্যুর পরেও কাটছে না এসআইআর গেরো, এবার তলব তেহট্টের প্রয়াত বিধায়কের ছেলেকে
January 16, 20269:08 am

তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার ছেলে সাগ্নিক সাহাকে এসআইআর (SIR) শুনানির নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বেঙ্গালুরুতে কর্মরত সাগ্নিক বর্তমানে বাবার মৃত্যুর পর কড়ুইগাছির বাড়িতে থাকছেন। বুধবার বিকেলে কমিশনের এই তলব ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ বিধায়ক-পুত্রের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় অবাক রাজনৈতিক মহলের একাংশ।
বাবার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দুই মেয়াদে বিধায়ক থাকার পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সাগ্নিক। তার মতে, বাবার মতো একজন পরিচিত ব্যক্তিত্বের সন্তান হওয়া সত্ত্বেও এই ধরনের হয়রানি অনভিপ্রেত। রাজ্যে শাসকদলের একাধিক নেতার পর এবার সরাসরি প্রয়াত বিধায়কের পরিবারের কাছে এমন নোটিস আসায় কমিশনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।