হুডি জ্যাকেট ও রাজকীয় বিছানা, শীত মোকাবিলায় কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের বিশেষ প্রস্তুতি
January 16, 20269:20 am

তীব্র ঠান্ডার কামড় থেকে গোয়েন্দা কুকুরদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। এখন থেকে রাতে বা ভোরে ডিউটিতে বেরোলেই সারমেয় বাহিনীর সদস্যদের পরানো হচ্ছে বিশেষ ‘হুডি জ্যাকেট’, যা তাদের মাথা ও কান ঢেকে রাখছে। এছাড়া সাধারণ ম্যাটের বদলে তাদের জন্য কেনেলে এসেছে মেঝে থেকে এক ফুট উঁচু বিশেষ খাট এবং নরম কম্বল।
খাবারের মেনুতেও এসেছে বদল। শরীর গরম রাখতে প্রতিদিন ৪০০ গ্রাম মাংস ও ডিম সেদ্ধর পাশাপাশি দেওয়া হচ্ছে ঈষৎ উষ্ণ জল। নিয়মিত শরীরচর্চা চললেও শীতের কারণে বর্তমানে সাঁতার প্রশিক্ষণ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এমনকি কম্বল ও বিছানা জীবাণুমুক্ত রাখতে সেগুলিকে প্রতিদিন রোদে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন ডগ স্কোয়াডের আধিকারিকরা।