ভোটের আগে বড় ধাক্কা! ভোটার তালিকায় নাম তুলতে আর চলবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নাগরিকত্ব ও জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর ব্যবহার করা যাবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কার্ডটিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হলেও জাতীয় নির্বাচন কমিশন তা সরাসরি খারিজ করে দিয়েছে। কমিশনের এই অনড় সিদ্ধান্তে নতুন করে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, পূর্বনির্ধারিত নির্দেশিকার বাইরে কোনো নতুন নথি অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। এর ফলে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চাওয়া তরুণ প্রজন্মের অনেকেই সমস্যার মুখে পড়তে পারেন। স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ফলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে এখন থেকে বিকল্প বৈধ নথি জমা দেওয়া বাধ্যতামূলক।