বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া! রান না পেলেও বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন বৈভব
January 16, 20269:25 am

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে ভারত অভিযান শুরু করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। অথচ এই ম্যাচে মাত্র ৬ রান করতে পারলেই অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতেন ১৪ বছর বয়সি এই প্রতিভাবান ক্রিকেটার।
ব্যাট হাতে ব্যর্থ হলেও মাঠে নেমেই অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটল তাঁর। মাত্র ১৪ বছর ২৯৪ দিন বয়সে বিশ্বকাপে খেলে তিনি ২০১০ সালে কানাডার নীতীশ কুমারের গড়া রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও সর্বকনিষ্ঠ হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন এই ভারতীয় তরুণ।