বিএমসি নির্বাচনে কি তবে শেষ হতে চলেছে ঠাকরে সাম্রাজ্য? বড় চমক বুথ ফেরত সমীক্ষায়!

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এশিয়ার অন্যতম ধনী বৃহন্মুম্বই পুর নিগম (বিএমসি) নির্বাচনে বড় জয়ের পথে বিজেপি ও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহাজুটি। বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, জোটটি ১৩০টির বেশি ওয়ার্ড দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। দীর্ঘ কয়েক দশক পর অবিভক্ত শিবসেনার এই শক্ত ঘাঁটিতে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের জোট বড় বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বলে ইঙ্গিত মিলেছে।
মারাঠি আবেগ ও ঠাকরে ভাইদের পুনর্মিলন ভোটারদের মনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। গড়ে মাত্র ৬৫টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে বিরোধী জোট, যা বাল ঠাকরের উত্তরাধিকার নিয়ে লড়াইয়ে বড় ধাক্কা। একনাথ শিন্ডের শিবসেনার উত্থানে মুম্বইয়ের রাজনীতিতে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তনের এই চিত্র আগামী শুক্রবার চূড়ান্ত ফলাফলে স্পষ্ট হবে। বিজেপির দাবি, সাধারণ মানুষের সঙ্গে ঠাকরে পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হওয়াই এই পতনের মূল কারণ।