রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডার মেয়াদ আর কতদিন, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

সপ্তাহান্ত পর্যন্ত রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে। তবে সোমবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা চড়তে শুরু করবে। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়ার পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশার দাপট জারি থাকায় দৃশ্যমানতা হ্রাসের সতর্কতাও দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে শীতের কামড় কিছুটা কমলেও ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়া আরামদায়ক থাকবে। তবে ২৪ জানুয়ারি থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মূলত বাংলা থেকে বিদায় নিতে পারে কনকনে শীত। বর্তমানে পাহাড় থেকে সমতল সর্বত্রই শীতের দাপট থাকলেও আগামী সপ্তাহ থেকেই ঋতু পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।