রাজপুরের ভাড়াবাড়িতেই কি তৈরি হচ্ছিল টাকার পাহাড়? হদিস মিলল ভয়ংকর জালনোট চক্রের!

সোনারপুরের রাজপুরে একটি ভাড়াবাড়িতে জালনোট ছাপানোর রমরমা কারবারের হদিস পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পাটুলি এলাকা থেকে অলোক নাথ, অয়ন নাগ ও শ্যামবাবু পাসোয়ান নামে তিনজনকে গ্রেপ্তারের পর এই চক্রের পর্দাফাঁস হয়। অভিযুক্তদের জেরা করে রামকৃষ্ণ পল্লির ওই আস্তানায় হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫ হাজার টাকার জালনোটসহ অত্যাধুনিক স্ক্যানার ও রঙিন প্রিন্টার।
তদন্তে জানা গেছে, ওই ভাড়াবাড়িতেই ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট ছাপানোর সব সরঞ্জাম মজুত ছিল। এমনকি জালনোট তৈরির জন্য বিশেষ ধরনের কাগজ ও সবুজ কলমও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। ধৃতদের মধ্যে অলোক ও অয়ন স্থানীয় বাসিন্দা হলেও শ্যামবাবু টিটাগড়ের বাসিন্দা। আদালত ধৃতদের আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের জাল আর কতদূর বিস্তৃত।