বেলডাঙায় রণক্ষেত্র: উত্তরবঙ্গ সফরের আগে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বেলডাঙা। শুক্রবার সকাল থেকেই রেল ও সড়ক অবরোধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরের আগে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি। সাধারণ মানুষকে কোনো প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার জোরালো আবেদন জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনায় ‘ডবল ইঞ্জিন’ সরকারকে তীব্র আক্রমণ করেন। একইসঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি একে স্বৈরাচারী পদক্ষেপ বলে অভিহিত করেন। আক্রান্ত শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, দুর্গতদের অধিকার রক্ষায় রাজ্য সরকার আইনি লড়াই চালিয়ে যাবে।