ভোটার তালিকায় বড় বদল: মাধ্যমিকের অ্যাডমিট আর বৈধ নয়, বিক্ষোভে BLO-দের গণইস্তফা
January 16, 20263:20 pm

জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ২০২৬ সালের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নথি হিসেবে গণ্য হবে না। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। পূর্বের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত নথির বাইরে অন্য কিছু গ্রহণ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইসিআই।
এদিকে, কমিশনের নীতিগত অস্পষ্টতা ও হয়রানির অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শোরগোল পড়ে গিয়েছে। নিয়মের ঘনঘন রদবদল ও সাধারণ মানুষের কাছে জবাবদিহিতার প্রতিবাদে প্রায় ৫০ জন বিএলও বিডিও অফিসে গিয়ে গণ ইস্তফা জমা দিয়েছেন। এই ঘটনায় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে ব্যাপক প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।