বেলডাঙার অশান্তিতে উত্তাল রাজ্য, দাঙ্গা ছড়ানোর অভিযোগে বিজেপিকে তোপ মমতার
January 16, 20263:54 pm

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙা। জাতীয় সড়ক ও রেল অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান নিহতের পরিজনরা। এই অশান্তির জন্য সরাসরি কেন্দ্র ও বিজেপিকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, হার নিশ্চিত জেনে গেরুয়া শিবির বাংলায় দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে।
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুনানি নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু, আদিবাসী ও মতুয়াদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। মালদহসহ বিভিন্ন জেলায় ভীতি ছড়ানো হচ্ছে বলেও তিনি সরব হন। পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে রাজ্যবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন তিনি।