নিপা আতঙ্ক রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, কারা থাকবেন কোয়ারেন্টাইনে? জানুন নতুন গাইডলাইন

করোনা পরবর্তী সময়ে ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর চিকিৎসার নতুন নির্দেশিকা ও কোয়ারেন্টাইন বিধি জারি করেছে। ১৪ জানুয়ারি প্রকাশিত এই গাইডলাইন অনুযায়ী, উচ্চ ঝুঁকিসম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা রোগীর সরাসরি সংস্পর্শে এসেছেন, তাদের জন্য ২১ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া রোগীদের চিকিৎসার জন্য রেমডেসিভির ও রিবাভিরিনের মতো নির্দিষ্ট ওষুধের ডোজ এবং বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির অনুমতি সাপেক্ষে ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ ব্যবহারের রূপরেখা তৈরি করা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি হাসপাতাল থেকে ছুটির ক্ষেত্রেও কঠোর নিয়ম আনা হয়েছে। রোগীকে ছাড়পত্র পেতে হলে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন ধরনের পরীক্ষায় দু’বার নেগেটিভ রিপোর্ট আসতে হবে। ছুটির পরবর্তী ৯০ দিন পর্যন্ত রোগীদের নিয়মিত ক্লিনিক্যাল ফলো-আপে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। জ্বর, শ্বাসকষ্ট বা মানসিক বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দিলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।