সেনার বড় ধাক্কা হুমায়ুনকে! ব্রিগেডে কেন আটকে গেল জনতা উন্নয়ন পার্টির মেগা শো?
কলকাতার ব্রিগেডে শক্তি প্রদর্শনের পরিকল্পনা ভেস্তে গেল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর থেকে জানুয়ারিতে সমাবেশের অনুমতি না মেলায় বড়সড় ধাক্কা খেল নবগঠিত জনতা উন্নয়ন পার্টি। সেনার পক্ষ থেকে ব্রিগেডের পরিবর্তে শহিদ মিনারে সভা করার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন হুমায়ুন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভবিষ্যতে অন্য দল সেখানে অনুমতি পায় কি না, সেদিকে কড়া নজর রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কলকাতা ময়দানে সভা করতে না পেরে ক্ষুব্ধ তৃণমূলত্যাগী এই নেতা এখন মুর্শিদাবাদকেই নতুন রণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। চলতি মাসের ৩১ তারিখের মধ্যে সেখানে ১০ লক্ষ মানুষের বিশাল সমাবেশ করে নিজের রাজনৈতিক ক্ষমতা প্রমাণের পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। সেনার এমন পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এখন দেখার, ব্রিগেডের বদলে মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবীর তার জনসমর্থনের দাবি কতটা পূরণ করতে পারেন।