বাবার ছায়া থেকে বের হতে লড়ছেন প্রসেনজিৎ-পুত্র, বড়পর্দায় অভিষেকের আগে বিস্ফোরক ‘ইন্ডাস্ট্রি’

বড়পর্দায় পা রাখার আগেই চর্চায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুক। তবে ছেলেকে রাজকীয়ভাবে লঞ্চ করতে নারাজ টলিউডের সুপারস্টার। প্রসেনজিতের স্পষ্ট বার্তা, নিজের লড়াই মিশুককে নিজেই লড়তে হবে। বর্তমানে মুম্বইয়ে অটোয় যাতায়াত করে এবং লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েই নিজেকে তৈরি করছেন এই তারকা-পুত্র। বাবার পরিচয়ে নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের জমি শক্ত করতে চান তৃষাণজিৎ।
নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে প্রসেনজিৎ জানান, দীর্ঘ পাঁচ বছর তাঁকে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নামের ‘ভার’ বয়ে বেড়াতে হয়েছিল। চেহারার মিল থাকায় দর্শক বারবার তুলনা টেনে আনতেন। সেই অভিজ্ঞতার কথা মনে রেখেই তিনি মিশুককে নিজের ব্র্যান্ড তৈরির পরামর্শ দিয়েছেন। পিতৃপরিচয়ের ছায়া কাটিয়ে ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র জায়গা করে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ মিশুকের কাছে।